• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

প্রথম যে ১০ জেলায় বিতরণ হবে ‘কৃষক কার্ড’

প্রকাশিত: ২১:১২, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৩০, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
প্রথম যে ১০ জেলায় বিতরণ হবে ‘কৃষক কার্ড’

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন । ওইদিন টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে সকাল ১০টায় প্রধানমন্ত্রী 'কৃষক কার্ড' বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের যাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী 'কৃষক কার্ড' বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। একইসাথে ১০টি উপজেলায় (শিবগঞ্জ, পঞ্চগড় সদর ও বোদা, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা আদর্শ সদর, গোয়ালন্দ ও টেকনাফ) 'কৃষক কার্ড' বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। 

কৃষি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি একটি ডিজিটাল উদ্যোগ। 

এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা এবং কৃষকদের জন্য নায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: