হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে। যুদ্ধবিরতির পাশাপাশি দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল সম্ভব হবে বলেও জানিয়েছেন আরাঘচি। ৮ এপ্রিল এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান তিনি।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, এটি বাস্তবায়ন করা হবে ‘ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রেখে।’
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ‘বিশেষ অনুরোধ’ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে ইরানে ‘বড় ধরনের হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার শর্তে এই সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (৭ এপ্রিল) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ‘বিশেষ অনুরোধে’ ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছেন তিনি।
তিনি আরও জানান, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে, ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ইরান যদি সম্পূর্ণ তাৎক্ষণিক এবং নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে সম্মত হয়, তবে যুক্তরাষ্ট্র এই সময়ের (২ সপ্তাহ) জন্য হামলা স্থগিত রাখবে। তিনি এটিকে ‘দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফা প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের বেশিরভাগ বিরোধপূর্ণ বিষয় নিয়ে সমঝোতা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভি/এসজি



মন্তব্য করুন: