জেলায় জেলায় বজ্রপাতের হানা, প্রাণ গেলো আরও ৫ জনের
রংপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণায় বজ্রপাতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মৎস্য খামারে জাল দিয়ে মাছ ধরার সময় কয়েকজন দাঁড়িয়ে তা দেখছিলেন। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে উপস্থিত লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করলে কয়েকজন জ্ঞান হারান এবং অনেকে দগ্ধ হন।
অন্যদিকে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের মমিনা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রামপুর গ্রামের মৃত সুন্দর আলী সাহেবের ছেলে।
স্থানীয়দের মতে, সকালে ধান কাটতে গিয়ে দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতের সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, ময়মনসিংহের গৌরীপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
একই দিনে নেত্রকোণার আটপাড়া উপজেলার ধলার হাওরেও বজ্রাঘাতে আরও একজন নিহত হয়েছেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার পৃথক বজ্রপাতের ঘটনায় ৫ কৃষক প্রাণ হারিয়েছেন। এছাড়াও, এতে আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিশেষজ্ঞরা খোলা জায়গা, জলাশয় ও হাওরে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: