কর আদায় বাড়ানো ছাড়া অর্থনীতির চাপ সামলানো কঠিন: সিপিডি
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগর (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেছেন, উন্নয়ন ব্যয় বাড়াতে হলে কর আদায়ের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। কর আদায় না বাড়িয়ে পরিচালন ব্যয় বাড়ালে সরকারের আর্থিক চাপ আরও বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিও দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেল–এ অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে তৌফিকুল ইসলাম খান বলেন, দেশের ঋণের পরিমাণ ও উন্নয়ন চাহিদা ক্রমেই বাড়ছে। আগামী বাজেটে ঋণের চাপ আরও বাড়তে পারে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও বাংলাদেশকে ঋণঝুঁকিতে থাকা দেশ হিসেবে উল্লেখ করেছে।
তিনি জানান, আগামী অর্থবছরের জন্য প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে প্রায় ৪২ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন হবে। অথচ দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল ২০১১ সালে, যা ছিল ২৭ শতাংশের কিছু বেশি। এরপর আর কখনো এত উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়নি।
তার মতে, কর আদায়ের আওতা বাড়ানোর পাশাপাশি কিছু খাতে করহার কমানোর বিষয়েও ভাবতে হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো বৃদ্ধির ক্ষেত্রেও গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচনায় আরও অংশ নেন ড. মোহাম্মদ আবু ইউছুফ, ড. এ কে এনামুল হক, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শারমিন্দ নীলোর্মি এবং মো. ফজলুল হক।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: