এসসিও’র সদস্যপদ পেলো বিএসসিএল
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা Space for Climate Observatory (SCO)-এর Signatory (সদস্য) এবং বাংলাদেশের National Focal Point হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। ফরাসি মহাকাশ সংস্থা CNES (Centre National d'Études Spatiales)-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের মহাকাশ প্রযুক্তি ও জলবায়ু কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের প্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসসিএল থেকে SCO-তে Expression of Interest (EoI) প্রেরণ করা হয়। পরবর্তীতে, SCO-এর Steering Committee-এর সিদ্ধান্ত অনুযায়ী SCO কর্তৃপক্ষ বাংলাদেশকে জোটটির Signatory এবং National Focal Point হিসেবে স্বীকৃতি প্রদান করে।
Space for Climate Observatory (SCO) বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার একটি বৈশ্বিক জোট। ২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি মূলত আর্থ অবজারভেশন স্যাটেলাইটের তথ্য, ইন-সিটু (In-situ) তথ্য এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থার তথ্য একত্রিত করে জলবায়ু পরিবর্তনের স্থানীয় প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস তৈরি এবং নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করে। স্যাটেলাইটভিত্তিক বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে ব্যবহার উপযোগী করে তোলার লক্ষ্যে SCO বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্প পরিচালনা ও অর্থায়ন করে থাকে।
আন্তর্জাতিক পর্যায়ে SCO-এর অর্থায়নে ইতোমধ্যেই জলবায়ু পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন ও পূর্বাভাস বিষয়ে বহু সফল ও কার্যকরী আন্তর্জাতিক প্রকল্প পরিচালিত হয়েছে এবং বর্তমানে ফ্রান্স, চীন, হাইতি, থাইল্যান্ড, মায়ানমার ও ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে এসব প্রকল্প পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও SCO-এর অর্থায়নে BanD-SOS প্রকল্পটি পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে সাইক্লোনের সময় রিয়েল-টাইম জলোচ্ছ্বাসের পূর্বাভাস এবং ঝুঁকির মানচিত্র তৈরি করে সার্বিক বন্যা পূর্বাভাস প্রদান করা হচ্ছে।
SCO-তে সদস্যপদ অর্জনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্যাটেলাইটভিত্তিক তথ্য, গবেষণা, প্রযুক্তি এবং এটি সম্পর্কিত উদ্ভাবনী প্রকল্পে অংশগ্রহণের নতুন সুযোগ পাবে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ পর্যবেক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে মহাকাশ প্রযুক্তির কার্যকর ব্যবহারেও এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য Space Summit-এর একটি নির্ধারিত অধিবেশনে SCO হতে একটি Signature Ceremony আয়োজনের সম্ভাবনা রয়েছে, যেখানে এই সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, "Space for Climate Observatory (SCO)-এর সদস্যপদ এবং বাংলাদেশের National Focal Point হিসেবে স্বীকৃতি প্রাপ্তি দেশের জন্য একটি গৌরবজনক আন্তর্জাতিক স্বীকৃতি। এটি শুধু বিএসসিএলের নয়, বরং বাংলাদেশের মহাকাশ ও জলবায়ু কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, প্রযুক্তি বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং স্যাটেলাইটভিত্তিক জলবায়ু তথ্য ব্যবহারের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমরা বিশ্বাস করি, এই অর্জন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।"
বিভি/ এসআই













মন্তব্য করুন: