• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এবার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রকাশিত: ১৯:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে বিকল্প বিভিন্ন উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন।

প্রতিনিধিদলের পক্ষ থেকে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়।

জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, সরকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে। এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এই রুটের যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময় শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে দেওয়া হয়। এতে সীতাকুণ্ড পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর মন্ত্রী প্রতিনিধিদলের বিভিন্ন দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং সীতাকুণ্ডের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: