চলচ্চিত্র মানুষের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী
ছবি: বাসস
চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের বাস্তবতা তুলে ধরে মানুষের চিন্তা ও মানসিকতায় পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আন্দালিভ রহমান বলেন, একসময় সিনেমার দেওয়া বার্তা দর্শক শুধু চোখে দেখতেন না, তা হৃদয়েও গেঁথে যেত। তাই প্রতিটি চলচ্চিত্রে নিজস্ব চরিত্র ও স্পষ্ট বার্তা থাকা উচিত। প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ গুণী নির্মাতাদের সিনেমায় সামাজিক ও মানবিক বার্তা থাকার কথাও উল্লেখ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজের বাস্তবতাও বদলেছে। বর্তমানে অনেক তরুণ মাদকের ভয়াবহতায় জড়িয়ে পড়ছে। পাশাপাশি সমাজে রয়েছে নানা ধরনের বৈষম্য। এসব সংকট থেকে সমাজকে পথ দেখাতে চলচ্চিত্র নির্মাতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, সবাই মিলে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণে কাজ করলে বাংলাদেশের সিনেমাকে আবারও তার পুরোনো ও গৌরবোজ্জ্বল জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতের সোনালি দিনের তুলনায় দেশের চলচ্চিত্র শিল্পের যে পর্যায়ে উন্নীত হওয়ার কথা ছিল, তা হয়নি। শুধু এফডিসিকেন্দ্রিক নয়, পুরো চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত ও উন্নত করার লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চলচ্চিত্র খাতের উন্নয়নে আন্তরিক এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। চলচ্চিত্র অঙ্গনের জ্যেষ্ঠ ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে বিএফডিসির উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, চলচ্চিত্রের স্বকীয়তা ও গৌরব ফিরিয়ে আনতে সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে আধুনিক অবকাঠামোসহ একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করবে।
অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য মাসুদ পারভেজ (সোহেল রানা), এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মশিউদ্দীন শাকেরসহ গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
বিভি/এমআর













মন্তব্য করুন: