‘রূপপুর থেকে আগামী মাসেই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ’
ছবি: এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানায় এফবিসিসিআই।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা হয়। রুশ রাষ্ট্রদূত জানান, প্রকল্পের কারিগরি সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহের কথাও জানান খোজিন। তিনি বলেন, এ বিষয়ে নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তসরকার কমিশনের বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রোফাইল অনুযায়ী সরাসরি বিটুবি বৈঠকসহ বিভিন্ন সেশন থাকবে।
বৈঠকে এফবিসিসিআইয়ের প্রশাসক রাশিয়ার বাজারে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং মানবসম্পদ রপ্তানির ওপর গুরুত্ব দেন।
খোজিন জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রক্রিয়াগত ও আইনি বিষয় পর্যালোচনা করছে। এ ছাড়া কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কাজের সুযোগ থাকায় সাম্প্রতিক মাসগুলোতে প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে রাশিয়া ভিসা দিয়েছে।
বিভি/এমআর













মন্তব্য করুন: