• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিলো: জয়সওয়াল

প্রকাশিত: ২২:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিলো: জয়সওয়াল

ছবি: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিলো বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি আমন্ত্রণ ছিলো দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিলো। পরে বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ, দুটি ভিন্ন আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিলো।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এএনআইকে বলেন, সফরের সময় দুই দেশের আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। উভয় পক্ষ উপযুক্ত সময় ও পরিবেশে একমত হলেই সফরটি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কার্যকর ও ধারাবাহিক সম্পর্ক রয়েছে। দুই দেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক পুনর্গঠনে কাজ করছে বলেও জানান তিনি।

বহুপক্ষীয় সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে পালাক্রমে বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করছে। ২০২৭ সালের কোনো এক সময়ে ঢাকায় বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের আগে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিলো, ব্রিকস সম্মেলনে আমন্ত্রণটি প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের সভাপতি হিসেবে দেওয়া হয়েছিল। ভারতের নতুন বক্তব্যে সেই আমন্ত্রণের পাশাপাশি পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণের বিষয়টিও স্পষ্ট হলো। সূত্র: এএনআই

বিভি/এমআর

মন্তব্য করুন: