• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর 

প্রকাশিত: ০৯:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ থেকে আগত ন‍্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের উদ‍্যোগে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৬’র  প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আয়োজিত ওভারসিজ স্টাডি ট্যুরে অংশ নিতে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসে। 
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। 

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে ১১ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিদর্শন করেন। এসময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং মতবিনিময় করেন। 
 
প্রশ্নোত্তর পর্বের মধ‍্য দিয়ে মতবিনিময় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।
 
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, এনডিসি, পিএসসি এবং মিনিষ্টার কনস্যুলার মোঃ মাহবুবুর রহমান ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান। সফরকালে প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, বিশ্বব্যাংক-আইএমএফ, জাতিসংঘ সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ সরকারি, সামরিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সফর এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
১৪ সেপ্টেম্বর প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন পরিদর্শন করেন।  রিয়ার অ্যাডমিরাল স্টিফেন অলড্রিজ, ডেপুটি ডিরেক্টর, পলিটিকো-মিলিটারি অ্যাফেয়ার্স (এশিয়া) এবং জে ওয়াইজ, ডিরেক্টর ফর সাউথ এশিয়া (পলিসি) তাদেরকে স্বাগত জানান এবং প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা নীতি এবং ভবিষ্যৎ সহযোগিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
 
পেন্টাগন সফর শেষে প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে পরিদর্শন করে। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিনিধিদলকে স্বাগত জানান। এরপর তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে ব্রিফিং করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
১৫ সেপ্টেম্বর প্রতিনিধিদল বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) পরিদর্শন করে। নীলকণ্ঠ মিশ্র, নির্বাহী পরিচালক এবং মো. আবদুর রহমান খান, বিকল্প নির্বাহী পরিচালক প্রতিনিধি দলকে বিশ্বব্যাংকে আন্তরিক অভ্যর্থনা জানান। এসময় বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফ গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রমের উপর ব্রিফিং করেন । বিশ্বব্যাংক ও আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের প্রানবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা, উন্নয়ন সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক উঠে আসে। উল্লেখ্য, বিশ্বব্যাংকের এই গ্রুপ বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কাকে প্রতিনিধিত্ব করে।
 
 ওয়াশিংটন ডিসিতে সফরের শেষ পর্যায়ে প্রতিনিধিদল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) এবং নিয়ার ইস্ট সাউথ এশিয়া (নেসা) সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ পরিদর্শন করেন। সেখানে এনডিইউর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত রোক্সান ক্যাবরাল এবং নেসা সেন্টারের পরিচালক রাষ্ট্রদূত জন ডেসরোচার তাদের স্বাগত জানান। এরপর প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমান ও সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল ইসলাম, এনডিইউ ও নেসা সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরে প্রতিনিধিদলটি নেসা সেন্টার আয়োজিত ‘স্পিকার সিরিজ’-এ অংশ নেয়। আলোচনায় কৌশলগত নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি, প্রতিরক্ষা শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সমসাময়িক আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
 
১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়াশিংটন ডিসি’র কার্যক্রম শেষে প্রতিনিধিদলটি নিউইর্য়ক গমন করেন। 
 
১৬ সেপ্টেম্বর এনডিসি প্রতিনিধিদল নিউইর্য়কে জাতিসংঘ সদর দফতর পরিদর্শন করেন । সেখানে শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের (Department of Peace Operations)‘অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স’-এর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকাইয়া দিওপ এনডিসি প্রতিনিধিদলকে  স্বাগত জানান এবং তাদের দপ্তরের কার্যক্রম ও বিভিন্ন ফিল্ড মিশনে পরিচালিত জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
 
 জাতিসংঘ সদর দফতর পরিদর্শন শেষে প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করেন। প্রতিনিধিদলকে মিশনের ভূমিকা ও কার্যক্রম এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করা হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মিস আইরিন জুবাইদা খান উপস্থিত ছিলেন।তিনি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অবদান ও অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।
 
যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, সামরিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এ স্টাডি ট্যুরের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকাঠামো, প্রতিরক্ষা নীতি, কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম ও বাংলাদেশের ভূমিকা এবং ওয়াশিংটন ডিসি’তে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও নিউইর্য়কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনের কার্যক্রম বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও সম্যক ধারণা লাভের সুযোগ পান। এর পাশাপাশি সংশ্লিষ্ট মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কেও তাদের ধারণা আরও সমৃদ্ধ হয়।
 
আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ প্রতিনিধিদল বাংলাদেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়বেন।

বিভি/এআই

মন্তব্য করুন: