• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এবার বাড়তে পারে লঞ্চভাড়াও!

প্রকাশিত: ১৯:২৯, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার বাড়তে পারে লঞ্চভাড়াও!

ছবি: ফাইল ফটো

জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা এবার পড়তে পারে নৌপথের যাত্রীভাড়ায়। লঞ্চের ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা। সংগঠনটি প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৫০ পয়সা বাড়ানোর দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে দেওয়া এক চিঠিতে এ প্রস্তাব দেন সংগঠনটির সভাপতি গোলাম নবী আলমগীর। বিষয়টি আজকের প্রকাশিত প্রতিবেদনেও উঠে এসেছে।

প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা করার কথা বলা হয়েছে। এতে ভাড়া বাড়বে প্রায় ৫১ শতাংশ। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৬০ শতাংশ বেশি। যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার দাবিও রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এতে জ্বালানি ব্যয় প্রায় ১৮ শতাংশ বেড়েছে। লঞ্চগুলো ডিজেল ও মবিলচালিত হওয়ায় এর সরাসরি প্রভাব পরিচালন ব্যয়ে পড়বে বলে দাবি মালিকদের।

এ ছাড়া বিআইডব্লিউটিএর বিভিন্ন ফি-চার্জ, শ্রমিকদের মজুরি, নৌযানের সার্ভে ও রেজিস্ট্রেশন ব্যয়সহ বিভিন্ন খরচ বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। লঞ্চের যন্ত্রাংশ, রং, স্পেয়ার পার্টস ও ডকিং খরচও কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ শতাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে।

লঞ্চ মালিকদের সংগঠন বলছে, সড়কপথে যাত্রী বাড়ায় অনেক লঞ্চ এখন ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পাচ্ছে না। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে প্রস্তাবিত ভাড়া অনুমোদন অথবা বর্ধিত ডিজেলের দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
 

বিভি/এমআর

মন্তব্য করুন: