স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন
ছবি: সংগৃহীত
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ঘোষিত ছুটির তারিখে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে সংশোধিত ছুটির তারিখ জানিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নতুন এ প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারিকৃত প্রজ্ঞাপনটি আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এর আগে স্কুল ও কলেজের ছুটির তালিকায় এই পবিত্র দিনটির ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিলো, যদিও এই ছুটি মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এদিকে, ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ পরিবর্তনের ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এক দিন পেছানো হয়েছে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা থাকলেও ওই দিন ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর নতুন তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সব শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: