• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এলপিজি সরবরাহ বন্ধ করলে আইনি ব্যবস্থা, অপারেটরদের হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: ১৩:১৩, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৪৬, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
এলপিজি সরবরাহ বন্ধ করলে আইনি ব্যবস্থা, অপারেটরদের হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও জানিয়েছেন, সরবরাহ নিয়ন্ত্রণ করে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দুই মন্ত্রী।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে জ্বালানি সংকট চলছে। এমন পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় পণ্য এলপিজি নিয়ে ধর্মঘট না ডেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায়, ১৯৫৬ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজির সরবরাহ স্থিতিশীল রাখা নিয়ে অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে। বাণিজ্যিক বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, সরবরাহ নিয়ন্ত্রণ করে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত