• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলো টঙ্গীর আগুন

প্রকাশিত: ১৫:১৩, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:১৪, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলো টঙ্গীর আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন সোয়া তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে আটকে পড়া কয়েকজন শ্রমিককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের বহুতল ভবনে আগুন লাগে। প্রথমে কারখানা কর্তৃপক্ষ নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সব মিলিয়ে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ জানান, কারখানাটিতে ওষুধ উৎপাদন করা হতো। আগুনে পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট যুক্ত করা হয়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত