• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রকাশিত: ২৩:১৬, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুসহ ছয়জন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪.৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে। সুক কাউন্টি শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, ফিক্সড উইং পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি দুর্ঘটনার আগে কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়া কোনও ভূমিকা রেখেছিল কি না, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে শেরিফ দপ্তর ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে।

তবে এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিবৃতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা।

সূত্র: আনাদোলু

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত