পুরান ঢাকায় উন্নত ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই: প্রতিমন্ত্রী ইশরাক
পুরান ঢাকাবাসীর জন্য উন্নত ও সুলভ মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে আরও আধুনিক করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আগামী পাঁচ বছরের মধ্যে হাসপাতালটির উন্নয়নে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ডে ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হিসেবে এই কলেজ এবং বিশেষ করে হাসপাতালটির প্রতি তার বিশেষ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে তিনি অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ধূপখোলা মাঠে নির্বাচনী প্রচারণায় এলে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়নের বিষয়ে বিশেষভাবে বলেছিলেন। হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়িয়ে আরও উন্নত করার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে এখানে বিশেষায়িত ক্যানসার হাসপাতালসহ বাংলাদেশ এবং পৃথিবীর উন্নত বিশ্বে যে সমস্ত চিকিৎসা রয়েছে, সেগুলো যাতে স্বল্পমূল্যে আমার এলাকার জনগণ, আমার এই পুরান ঢাকাবাসী, আমার ভোটাররা পেতে পারেন এবং বিনা মূল্যে যাতে সেই চিকিৎসা গ্রহণ করতে পারেন, সেটির জন্য ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা প্রকল্প গ্রহণ করব এবং সেটিকে বাস্তবায়ন করব।’
তিনি আরও বলেন, হাসপাতালটির উন্নয়নের পাশাপাশি মেডিক্যাল কলেজটিকেও আরও উন্নত করতে চান। বাংলাদেশের বেসরকারি খাতের এক নম্বর মেডিক্যাল কলেজ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

কলেজটির সুযোগ-সুবিধার ঘাটতির কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, এখানকার সুযোগ-সুবিধা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে যে মানে গড়ে তুলতে চান, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষার্থীদের ডরমিটরি ও শিক্ষা কার্যক্রমের উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
একই সঙ্গে ন্যাশনাল হাসপাতালকে এ অঞ্চলের সবচেয়ে উন্নত মানের এবং সুলভ মূল্যে চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতাল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিজের বাবা সাদেক হোসেন খোকা এবং ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ অধ্যাপক ডা. তাসমিনা মতিনের অবদানের কথাও স্মরণ করেন ইশরাক হোসেন। তিনি বলেন, তাদের যৌথ উদ্যোগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৫ সালের ১৫ অক্টোবর কলেজটি প্রতিষ্ঠিত হয় বলে উল্লেখ করেন তিনি।
চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তারা একটি মহৎ পেশার জন্য শিক্ষা গ্রহণ করছেন। ভবিষ্যতে দেশের জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার লক্ষ্যে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত (এমপি), ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইফফাত আরা সহ প্রমুখ।
বিভি/এজেড













মন্তব্য করুন: