• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাইকের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সর্বশেষ সময় কবে, জানালো বিআরটিএ

প্রকাশিত: ২১:৪৪, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৪৪, ১৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাইকের সামনেও লাগাতে হবে নম্বরপ্লেট, সর্বশেষ সময় কবে, জানালো বিআরটিএ

মোটরসাইকেলের পেছনের নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে নম্বরপ্লেট লাগাতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের মাপ হবে আলাদা। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

উভয় ধরনের নম্বরপ্লেটের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং তাতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নিবন্ধন নম্বর একটিমাত্র অনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত অনুসরণ করতে হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর প্রসঙ্গ উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের পেছনে আরএফআইডি ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধানের কথা বলা হয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেলের মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত