• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

খুলনার সেই খান সাইফুল সুস্থ, বাড়ি ফেরার আগে আবারও খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৭:৩৭, ২০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৩৮, ২০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খুলনার সেই খান সাইফুল সুস্থ, বাড়ি ফেরার আগে আবারও খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল এখন সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে তাকে চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের নজরে এলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণসহ সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে গত ১১ অক্টোবর তাকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে চিকিৎসা চলাকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
 
প্রায় ১০ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খান সাইফুলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক, বিশিষ্ট অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আমান এবং "আমরা বিএনপি পরিবার"-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন)। এসময় তারা সাইফুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় মেডিসিন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন- অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম.আর. হাসান এবং ছাত্রনেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ প্রমুখ। 
 
উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন সরকারের পুলিশের নির্যাতনের শিকার হয়ে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এর আগে বিভিন্ন সময় তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

বিভি/এজেড

মন্তব্য করুন: