গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ সদর উপজেলার একটি খেয়াঘাট এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মিছিল করার চেষ্টার সময় টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘটনাস্থলে পুলিশ সদস্য তুলনামূলক কম থাকায় তারা হামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি।
রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনার ভিডিও আমরা দেখেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে একই সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির সাজেকের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সাজেকের পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। পার্বত্য অঞ্চলে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ ছাড়াও একই ধরনের আরও কয়েকটি সংগঠনের বিভক্ত অংশ সক্রিয় রয়েছে। প্রতি বছর পর্যটন মৌসুমকে কেন্দ্র করে পাহাড়ের কিছু এলাকার নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে তাদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ের বাসিন্দাদের মধ্যে হেডম্যানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংসদ সদস্য ওদুদ ভূঁইয়ার মাধ্যমে রাজনৈতিক পর্যায় থেকেও শান্তি বজায় রাখার আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: