• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পশুর নদীতে ১২০০ টন কয়লাবাহী কার্গো জাহাজডুবি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পশুর নদীতে ১২০০ টন কয়লাবাহী কার্গো জাহাজডুবি

মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের স্টাফরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনার শিকার হয়ে কয়লাবোঝাই কার্গোটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল।

তবে জাহাজটি পশুর চ্যানেলের মূল নৌপথের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলে নৌযান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষ দ্রুত সেটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত