স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘স্বৈরাচারের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তবে তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। জনগণ সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা ঐতিহাসিক। আগামী দিনে দেশ ও জনগণের স্বার্থে যুবদলকে আরও সংগঠিত হয়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আহমদুল হক শাতীল, এবং জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা আশরাফ পাহেলী।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মনির), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালার সঞ্চালনায় অনুষ্ঠানে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ হেল কাফী শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাতীল সহ জেলার সকল ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে জেলা যুবদলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: