• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু, গ্রিডে যুক্ত হবে কবে?

প্রকাশিত: ১৯:২২, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:২৩, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু, গ্রিডে যুক্ত হবে কবে?

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর নিয়ন্ত্রিত পদ্ধতিতে ধীরে ধীরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এ পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হয়। এর মধ্য দিয়ে চুল্লিতে ধাপে ধাপে স্থিতিশীলভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এরপর শুরু হয়েছে ‘বি-২’ পর্যায়ের কার্যক্রম। এ ধাপে চুল্লিকে প্রাথমিক পরিচালনার জন্য প্রস্তুত করা হয়। পরবর্তী সময়ে শুরু হয় ক্রিটিক্যালিটি বা স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন। এ প্রক্রিয়ায় চুল্লির ভেতরে পরমাণুর বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে শক্তি উৎপাদনের মাত্রা বাড়ানো হয়।

উৎপাদন সক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহও শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সরবরাহ কার্যক্রম শুরু করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: