• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাইবার হামলার ঝুঁকিতে যে ৩ মডেলের আইফোন

প্রকাশিত: ১১:১২, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাইবার হামলার ঝুঁকিতে যে ৩ মডেলের আইফোন

আইফোনের তিনটি মডেলের ব্যবহারকারীদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আইফোনের একটি নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে অত্যন্ত জটিল সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে। বিশেষভাবে তৈরি করা ক্ষতিকর ফাইল ফোনে প্রক্রিয়াকরণের সময় এই দুর্বলতা কাজে লাগিয়ে ডিভাইসে ক্ষতিকর নির্দেশনা চালানোর সুযোগ তৈরি হতে পারে।  

অ্যাপলের তথ্য অনুযায়ী, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেলের জন্য ২৬ অক্টোবর আইওএস ১৮.৭.১১ আপডেট প্রকাশ করা হয়েছে। এতে নিরাপত্তাত্রুটি সংশোধন করা হয়েছে। ‘সিভিই–২০২৬–৮৬৯৫০’ নম্বরে শনাক্ত হওয়া ত্রুটিটি অ্যাপলের কোরগ্রাফিকস সফটওয়্যারের সঙ্গে সম্পর্কিত। এই সফটওয়্যার ডিভাইসে দৃশ্যমান কনটেন্ট প্রক্রিয়াকরণ ও প্রদর্শনে সহায়তা করে। ত্রুটির কারণে মেমোরির নির্ধারিত সীমার বাইরে তথ্য লেখার সুযোগ তৈরি হতে পারত, যা কাজে লাগিয়ে হামলাকারীরা ক্ষতিকর কোড চালাতে পারত।

অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭-এর আগের সংস্করণে থাকা নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চালানো অত্যন্ত জটিল হামলায় এই দুর্বলতা ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে কারা এই হামলার শিকার হয়েছেন বা ঠিক কীভাবে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। এ ছাড়া আপডেটে আরও দুটি নিরাপত্তাত্রুটি সংশোধন করা হয়েছে। এর একটি কাজে লাগিয়ে ক্ষতিকর অ্যাপ অনুমতি ছাড়াই ক্যামেরা ব্যবহারের সুযোগ পেতে পারত। অন্যটি ব্যবহারকারীর সংবেদনশীল ব্যক্তিগত তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারত। তবে এই দুটি ত্রুটি বাস্তব হামলায় ব্যবহৃত হয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়নি।

যেভাবে নিরাপদ রাখবেন আইফোন

নিরাপত্তা আপডেট ইনস্টল করতে প্রথমে আইফোনের গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ নিন। এরপর ফোনটি ওয়াই-ফাইয়ে যুক্ত করে চার্জে দিন। সেটিংস থেকে ‘জেনারেল’ এবং তারপর ‘সফটওয়্যার আপডেট’ অপশনে গিয়ে সর্বশেষ উপযুক্ত আপডেট ইনস্টল করুন। মডেলভেদে আপডেটের সংস্করণ আলাদা হতে পারে, তাই ফোনে যে সর্বশেষ সমর্থিত আপডেট দেখাবে, সেটিই ইনস্টল করা উচিত। নিরাপত্তা ঝুঁকি কমাতে নিয়মিত সফটওয়্যার আপডেট পরীক্ষা করা এবং স্বয়ংক্রিয় আপডেট চালু রাখার পরামর্শ দিয়েছে অ্যাপল।

সূত্র: ডেইলি মেইল 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: