• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাগ-ক্ষোভ নয়, রাষ্ট্র চলে যৌক্তিকতার ভিত্তিতে: সমাজকল্যাণ মন্ত্রী

বাসস

প্রকাশিত: ০১:১৪, ৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০১:১৬, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাগ-ক্ষোভ নয়, রাষ্ট্র চলে যৌক্তিকতার ভিত্তিতে: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, রাষ্ট্র কখনো রাগ বা ক্ষোভের ভিত্তিতে পরিচালিত হতে পারে না, রাষ্ট্র পরিচালিত হয় যৌক্তিকতার ভিত্তিতে।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধানে পরিবর্তন আসতে পারে। তবে তা সংবিধানের মৌলিক ভিত্তি বিনষ্ট করে নয়।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ দেশের জনগণ কখনোই বাড়াবাড়ি পছন্দ করে না। যারা বাড়াবাড়ি করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে এ দেশের মানুষ কখনো ভুল করে না।

তিনি বলেন, যারা সংবিধান সংশোধনের পক্ষে ছিল, জনগণ তাদের সমর্থন দিয়েছে এবং নির্বাচিত করেছে।

মন্ত্রী আরও বলেন, ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। তারপরও শত প্রতিকূলতা পেরিয়ে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে বাংলাদেশ গোটা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাঈদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জ্যেষ্ঠ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আইনজীবী, বুদ্ধিজীবী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত