• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

প্রাথমিকের শিক্ষার্থীরাও পেতে পারে জাতীয় পরিচয়পত্র, ইসির নতুন ভাবনা

প্রকাশিত: ০০:২৪, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:২৬, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রাথমিকের শিক্ষার্থীরাও পেতে পারে জাতীয় পরিচয়পত্র, ইসির নতুন ভাবনা

প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব উঠেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।

শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি কমিশনের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে প্রস্তাবটি উত্থাপন করেন ইসি সচিব আখতার আহমেদ।

বৈঠকে ১৬ বছরের কম বয়সী শিশুদের এনআইডি নিবন্ধন কার্যক্রম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব দেন তিনি। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে সুপারিশ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর অংশ হিসেবে ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এনআইডি মহাপরিচালককে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। ওই কর্মশালার মাধ্যমে এনআইডি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপন করতে বলা হয়েছে।

বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বিভিন্ন মহল।

ইসি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাদের সবারই জাতীয় পরিচয়পত্র রয়েছে। অধিকাংশ নাগরিক ১৮ বছর পূর্ণ হওয়ার পর এনআইডি পেয়েছেন। তবে কিছু নাগরিক ১৭ বছর বয়সেই এই সেবার আওতায় এসেছেন।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে। এর ফলে অল্প বয়স থেকেই নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ডেটাবেজে সংরক্ষণের সুযোগ তৈরি হবে। তবে এর আগেও এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভেবেছিল কমিশন। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত