সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই
ফাইল ছবি
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিনগত রাত ১২:৫৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আবদুল মোমেনের পিআরও মোহাম্মদ মহসিন রেজা।
আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সকাল ১১টায় গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় তাঁর মৃতদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য মৃতদেহ সিলেটে নেওয়া হবে।
গত ১১ মার্চ শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ৫ মার্চের আগে তিনি ঢাকার বনানীর বাসায় শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। মুখ দিয়ে কোনো খাবার খেতে পারছিলেন না। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই ৫ মার্চ সকালের দিকে মুহিতকে ঢাকার গ্রিন রোডস্থ গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগে গত বছরের ২৯ জুলাই তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। পরে তিনি সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। তখন থেকেই শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি।
আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ৬ অক্টোবর সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতনামা বাংলাদেশি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। ২০০৯ সাল থেকে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ২ বার দায়িত্ব পালন করেন আবুল মাল আবদুল মুহিত।
বিভি/এএন



মন্তব্য করুন: