জীবাশ্ম জ্বালানিতে নতুন করে অর্থায়ন না করার দাবিতে মানববন্ধন
বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর পাড়ে এ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81) এবং COP-31 এর প্রাক্কালে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন পালন করে আয়োজকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে পরিচ্ছন্ন, ন্যায়ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ভবিষ্যৎ সবুজ বাংলাদেশ বিনির্মানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ও জলবায়ুর বিপর্যয় মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার দাবি জানানো হয়।
আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিগত সময়ে কতিপয় ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদ অলিগার্ক সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আর্থিক সেক্টরে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো- এমন অভিযোগ করা হয় এসময়। তাই জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। দ্রুততম সময়ে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রকে রুখে দিয়ে সরকার সৌর শক্তিকে কাজে লাগিয়ে জ্বালানিতে বাংলাদেশকে স্বনির্ভর করবে এমন প্রত্যাশা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, অসীমা মন্ডল, বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপার’র সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।
বিভি/এআই













মন্তব্য করুন: