দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দাঁড়িপাল্লা এখন বাতিল মার্কা, আধুনিক যুগে মানুষ আর এটি ব্যবহার করতে চায় না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বাঘিল ইউনিয়নের বিলমুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, আল্লাহর রহমতে বিএনপির এমন একটি মার্কা মিলেছে, যা চিরদিন থাকবে। পৃথিবী যতদিন থাকবে, ততদিন ধানের শীষ থাকবে ইনশাআল্লাহ। ধানের শীষ এই দেশের প্রতিটি মানুষের মার্কা, দেশ রক্ষার মার্কা।
তিনি আরও বলেন, ১৭ বছর পর আমরা এই মার্কা পেয়েছি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে নিয়ে গেছে। এই নির্বাচন ব্যবস্থা তৈরি করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও সাড়ে পাঁচ বছরের বেশি সময় কারাগারে ছিলাম এবং রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধানের শীষ আমাদের প্রিয় মার্কা। এই মার্কা দেখলে হৃদয় জুড়িয়ে যায়। এটি পবিত্র ও মানুষের আশা-ভরসার প্রতীক।
বীর মুক্তিযোদ্ধা হাজি মাহমুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দৌহিত্র ও সাবেক সংসদ সদস্য খালেদা পান্নার ছেলে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুন সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: