বিএনপির বহিষ্কৃত মঞ্জুরুল মুন্সীকে তলব
ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি থেকে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি কমিটির কাছে লিখিতভাবে জানান দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’—মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল রাতে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপি অভিযোগে তাঁর প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের আদেশে তার প্রার্থিতা বাতিল হয়।
বিভি/এসজি



মন্তব্য করুন: