সিলেট-২ আসনে বড় ব্যবধানে জয় পেলেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উম্মেকুলসুম রুবী ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুনমুন নাহার আশা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
আসনটির দুই উপজেলার ১২৮টি ভোটকেন্দ্রের ফলাফলে লুনা ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী ‘দেওয়াল-ঘড়ি’ প্রতীকে ভোট পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬টি। ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে লুনা জয়ী হয়েছেন।
এ ছাড়া ১২৮টি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আমির উদ্দিন ভোট পেয়েছেন ১ হাজার ৩৮৯, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী ভোট পেয়েছেন ১ হাজার ৪০৪ এবং উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের মুজিবুল হক ৬৩২টি ভোট।
উপজেলাভিত্তিক ফলাফলে, বিশ্বনাথের ৭৪টি কেন্দ্রের ফলাফলে লুনা ভোট পেয়েছেন ৬৭ হাজার ৯৭৭টি এবং ওসমানীনগরের ৫৪টি ভোট কেন্দ্রের ফলাফলে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৭২০টি। অন্যদিকে, বিশ্বনাথের ৭৪টি কেন্দ্রের ফলাফলে মুনতাছির আলী ভোট পেয়েছেন ১৭ হাজার ৯৫৪টি এবং ওসমানীনগরের ৫৪টি কেন্দ্রে ভোট পেয়েছেন ১৯ হাজার ৪৯২টি।
বিভি/টিটি



মন্তব্য করুন: