তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের অভিনন্দন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন গণপ্রজাতন্ত্রী চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বার্তায় লি কিয়াং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস সুদীর্ঘ। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে এসেছে। উভয় দেশ পারস্পরিক লাভজনক সহযোগিতা ও ‘উইন-উইন’ ফলাফল অর্জনে কাজ করেছে, যা রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও উল্লেখ করেন, চীনা সরকার বাংলাদেশের নতুন সরকারকে কার্যকর ও স্থিতিশীলভাবে রাষ্ট্র পরিচালনায় সমর্থন জানায়।
লি কিয়াং বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করতে এবং সব খাতে আদান-প্রদান সম্প্রসারণে আগ্রহী। এর মাধ্যমে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা সম্ভব হবে এবং দুই দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: