টেকনোক্র্যাট মন্ত্রী কী? জেনে নিন এর সাংবিধানিক ব্যাখ্যা
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী শপথ নিয়েছেন। এদের মধ্যে দুইজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কী এবং কেন তাদের নিয়োগ দেওয়া হয় এই নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ।
সহজভাবে বলা যায়, যিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা বা নীতিনির্ধারণী সক্ষমতার কারণে প্রধানমন্ত্রীর মাধ্যমে মন্ত্রিসভায় স্থান পান—তিনিই টেকনোক্র্যাট মন্ত্রী। সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী হওয়ার প্রচলিত পথ হলো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য (এমপি) হওয়া। তবে রাষ্ট্র পরিচালনায় অর্থনীতি, আইন, প্রযুক্তি, বিজ্ঞান কিংবা আন্তর্জাতিক কূটনীতির মতো জটিল ও বিশেষায়িত ক্ষেত্রগুলো দক্ষতার সঙ্গে সামলাতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয়। ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যদি সে ধরনের বিশেষজ্ঞের অভাব থাকে অথবা নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য আলাদা দক্ষতা প্রয়োজন মনে করা হয়, তখন বাইরে থেকে যোগ্য ব্যক্তিদের মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদেরই বলা হয় ‘টেকনোক্র্যাট মন্ত্রী’। সুযোগ-সুবিধার দিক থেকে তারা অন্যান্য মন্ত্রীদের মতোই সুবিধা ভোগ করেন।
বাংলাদেশ সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ (Article 56(2) of the Constitution) অনুযায়ী, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার অনধিক এক-দশমাংশ (One-tenth) সদস্যকে সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দিতে পারেন। তবে শর্ত থাকে যে, তাদের অবশ্যই সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ, তিনি যদি নির্বাচনে দাড়াতেন তবে তার কোনো অযোগ্যতা থাকতো না।
একটি সরকারকে দক্ষভাবে পরিচালনার জন্য কিছু বিশেষ কারণে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয়:
১. বিশেষজ্ঞ জ্ঞান (Expertise): অনেক সময় কোনো নির্দিষ্ট সেক্টরে (যেমন: তথ্যপ্রযুক্তি, পররাষ্ট্র বা অর্থনীতি) অত্যন্ত দক্ষ ব্যক্তির প্রয়োজন হয়, যিনি হয়তো সরাসরি সক্রিয় রাজনীতিতে বা নির্বাচনে অংশ নেননি।
২. মেধাবীদের গুরুত্ব (Promoting Talent): দলের ভেতরে থাকা উচ্চশিক্ষিত বা বিশেষজ্ঞ ব্যক্তিদের নীতি-নির্ধারণী পর্যায়ে সরাসরি সম্পৃক্ত করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
৩. রাজনৈতিক ভারসাম্য (Political Balance): দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা যারা কোনো কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি বা পরাজিত হয়েছেন, তাদের দক্ষতা কাজে লাগাতে এই কোটা ব্যবহার করা হয়।
বিভি/এসজি



মন্তব্য করুন: