• NEWS PORTAL

  • রবিবার, ০১ মার্চ ২০২৬

১৯৯১ সালের পর তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫ আসনে বিএনপির জয়: মঈন খান

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ১ মার্চ ২০২৬

আপডেট: ২০:২৬, ১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
১৯৯১ সালের পর তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫ আসনে বিএনপির জয়: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বে পুনরায় নরসিংদীর ৫টি আসনে বিএনপির বিজয় হয়েছে।

তিনি রবিবার (১ মার্চ) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতারে জেলার ৫ জন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ড. মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা বাংলাদেশ থেকে ১০ জন মেধাবী লোককে নিয়ে মন্ত্রীসভা গঠন করেছিলেন, যেখানে নরসিংদীর পলাশের সন্তান ড. মোমেন খান সদস্য ছিলেন। তিনি নরসিংদী-১ আসন থেকে দেশের ৩ শত আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এটি নরসিংদীর গৌরব, এবং আমরা চেষ্টা করছি সেই গৌরবকে পুনরুদ্ধার করতে। নরসিংদী বিএনপিরও জন্ম দিয়েছিলেন আব্দুল মোমেন খান। আমরা চেষ্টা করছি নরসিংদীর বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করার।

এসময় জেলা বিএনপির সহসভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত