আদালতকে ব্যবহার করে গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
আদালতকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হলে তার কঠিন পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠিত হয়েছে। সেই গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে আদালতকে ব্যবহার করে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দ্য কিং অব চিটাগাং রেস্টুরেন্টে এনসিপি চট্টগ্রাম বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনও কমেনি। তাদের প্রতিহত করতে হবে। এনসিপি ও আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, যেখানে আওয়ামী লীগের অফিস খোলা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ সময় তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশ নেবে। পাশাপাশি গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: