জুলাই গণহত্যা ও ‘হাদী হত্যা’র বিচারই এনসিপির প্রধান লক্ষ্য: নাহিদ
ছবি: বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ড এবং ‘হাদী হত্যা’র বিচার নিশ্চিত করাই এনসিপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, রাজপথ ও সংসদ—উভয় ক্ষেত্রেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শক্ত অবস্থানে থাকবে।
রবিবার (১ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘জাতীয় যুব শক্তি’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে সংসদ অধিবেশনে যথাযথ প্রক্রিয়ায় পরিষদ গঠন করে শপথ নিতে হবে। একই সঙ্গে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তার মতে, রাষ্ট্র সংস্কারের প্রাথমিক ধাপ হিসেবে এটি জরুরি।
অনুষ্ঠানে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন সরকারের প্রাথমিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের প্রত্যাশায় ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, শপথ নেওয়ার পর থেকেই সরকার সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি আরও বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্মের সহযোগী ছিলেন এবং জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তার বক্তব্য দিয়ে সংসদ অধিবেশন শুরু হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুল হক। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর জুলাই সনদ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গড়িমসি শুরু করেছে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভি/এমআর



মন্তব্য করুন: