ফ্যামিলি কার্ড বিতরণ দেশের ইতিহাসে মাইলফলক: আমির খসরু
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে দারিদ্র্য বিমোচনে একটি মাইলফলক। আগামী দিনে দেশের অর্থনীতির মূল কেন্দ্র হবে নিম্ন ও হতদরিদ্র মানুষের সমস্যা সমাধান।’ মঙ্গলবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আগামী দিনের দারিদ্র জনগোষ্ঠীর জন্য নেওয়া সব প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। বিএনপি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে দরিদ্র কৃষকদের ১২ হাজার কোটি টাকার কৃষি ঋণ মাফ করেছে। আমরা এখন বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। হতদরিদ্রদের পরবর্তীতে দরিদ্রদেরও ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটি দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে সম্পন্ন করা হলো।
অর্থমন্ত্রী আরও বলেন, আগে বছরের পর বছর ধরে অপেক্ষা করতে হতো কোন প্রকল্প বাস্তবায়নের জন্য। এখন কল্যাণকর রাষ্ট্র হিসেবে এটি সম্ভব হয়েছে। কোনো দলীয়করণের সুযোগ ছিল না। সবার কাছে সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। নারীপ্রধান পরিবারকে ক্ষমতায়ন করতে হবে। স্বচ্ছতা অব্যাহত রাখতে চাই।
এর আগে তিনি পরিবারের নারী প্রধানের হাতে কার্ড তুলে দেন। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ৫ হাজার ৫৭৫ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: