জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার হয়নি। এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান। অন্তর্বর্তী সরকারের বৈধতাও ছিল গণঅভ্যুত্থান। যদি সরকার সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।’
সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়াম-এ এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নজরুল ইসলাম মঞ্জুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহীদের রক্তের ওপর আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসঙ্গে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। অন্তর্বর্তী সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।
এছাড়াও, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, পাড়া-মহল্লায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভয় পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা না হলে আমরা জাতীয় সংসদের সামনে যাব। আমরা বলব, গুণ্ডা-মাস্তান-চাঁদাবাজকে নিয়ে সংসদে কী করবেন- আমরা এদের ঠিক করে দেব।
এ সময় আরও বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম প্রমুখ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: