• NEWS PORTAL

  • রবিবার, ২২ মার্চ ২০২৬

৭২-এর সংবিধান শেখ মুজিবের হাতেই পরিবর্তিত হয়েছে: জামায়াত আমির

প্রকাশিত: ১৭:১৬, ২২ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
৭২-এর সংবিধান শেখ মুজিবের হাতেই পরিবর্তিত হয়েছে: জামায়াত আমির

ছবি: মতবিনিময় সভায় জামায়াত আমির

সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭২ সালের সংবিধান বহু আগেই পরিবর্তিত হয়েছে এবং সেটি স্বয়ং শেখ মুজিবুর রহমানের হাতেই হয়েছে। রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দলের নেতারা সংবিধানের কথা বললেও অতীতে এই সংবিধানের দোহাই দিয়ে অনেকের ওপর জুলুম করা হয়েছে। তিনি উল্লেখ করেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও একসময় বলেছিলেন—জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান পরিবর্তন করা হবে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ৭২-এর সংবিধানে কি বাকশাল ছিলো? বাকশাল তো শেখ মুজিবুর রহমান নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। তার দাবি, সংবিধান ইতোমধ্যেই পরিবর্তিত হওয়ায় এটি আর অপরিবর্তনীয় নয়।

রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে তিনি বলেন, একসময় রাজনীতিবিদদের প্রতি মানুষের বিশেষ শ্রদ্ধা ছিলো, কিন্তু এখন অনেক ক্ষেত্রে কথার সঙ্গে কাজের মিল না থাকায় সেই আস্থা কমে গেছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কথার সঙ্গে কাজের মিল রেখে জনগণের আস্থা অর্জন করতে না পারলে একটি ভালো জাতি গঠন সম্ভব নয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তাদের দল দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের কথা বলেছিল এবং জনগণের কাছ থেকে সাড়া পেয়েছে। তবে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন থাকলেও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে নির্বাচন প্রত্যাখ্যান করা হয়নি।

সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের বড় একটি অংশ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই গণতন্ত্র ও জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত সংস্কার কার্যক্রমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সিলেটের সাংবাদিকদের পাশাপাশি জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: