• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

যে কারণে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

প্রকাশিত: ২১:০০, ২৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
যে কারণে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে বলে জানানোর পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি সরকারকে ধন্যবাদ জানান আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৫টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকার—এ জন্য তিনি ধন্যবাদ জানান।

এর আগে একই দিন সকালে সংসদে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ সরকারি দল গ্রহণ করবে। তিনি বলেন, সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিভিন্ন অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশগুলোও সেখানে বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি জানান, জনপ্রত্যাশা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করা হবে।

তিনি আরও বলেন, কিছু অধ্যাদেশে জুলাই যোদ্ধা হিসেবে অভিহিতদের জন্য ইনডেমনিটির বিষয় রয়েছে, যেগুলো গ্রহণ করা হবে। পাশাপাশি বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন বা বিলুপ্তির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, কিছু অধ্যাদেশ সংশোধনসহ গ্রহণ করা হবে, আবার কিছু ক্ষেত্রে পরবর্তীতে আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে সংসদে প্রতিবেদন জমা দিতে হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করেন। পরে সেগুলো বিশেষ কমিটিতে পাঠানো হয়। কমিটির সভাপতি বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবেদীন। কমিটির সদস্যদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা রয়েছেন। মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: