বিএনপি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে: আমান
ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, “তারেক রহমান আজ সারাদেশ চষে বেড়াচ্ছেন এবং অত্যন্ত সাদামাটা জীবনযাপন করছেন। আমরাও সেই পথ অনুসরণ করছি এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবো।”
বুধবার (১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের সরকার। তাই দলটি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে চলা আন্দোলনের ধারাবাহিকতায় এবং সর্বশেষ ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।
তিনি আরও বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং “দিনের ভোট রাতে হয়নি” বলেও মন্তব্য করেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু পুরোহিতদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে। ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড বিতরণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, “বিএনপি যা বলে, তা করে” এবং দলটি জুলাই সনদের পক্ষে ছিল ও ভবিষ্যতেও থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহমেদ সুমন, ঢাকা জেলা উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ এবং প্রকৌশলী সাজ্জাদ আরেফিন প্রমুখ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: