পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ করবে বিএনপি: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে।’ বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
খায়রুল কবির খোকন আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনগণের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, অল্প সময়ের মধ্যে সরকার খাল খননসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি এবং সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: