নতুন কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় জোট
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় জোট। আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে জোটটি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১-দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি অভিযোগ করে বলেন, “সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধু সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে।”
হামিদুর রহমান আরও বলেন, “আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ১১-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
এ ছাড়া আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান সংস্কার ও গণভোটের ফল বাস্তবায়নকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে। বিরোধী দলগুলো এ বিষয়কে কেন্দ্র করে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, অন্যদিকে সরকারও নিজেদের অবস্থান থেকে সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। ফলে সামনে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রাজপথের কর্মসূচি ঘিরে জনসমাগম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক প্রতিক্রিয়া পরিস্থিতিকে নতুন দিকে মোড় নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: