• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

তারেক রহমানের নির্দেশে রাতুল-শাহানুরের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

প্রকাশিত: ১৮:১৫, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের নির্দেশে রাতুল-শাহানুরের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

রাজধানীতে অসহায় শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধ শাহানুর বেগমের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। একটি মানবিক প্রতিবেদনের প্রেক্ষিতে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে তা তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তার পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশ দেন যাতে দ্রুত শিশুটি ও তার পরিবারের পাশে দাঁড়ানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে দলটি সেখানে উপস্থিত হয়ে রাতুলের অসুস্থ পিতা মো. রাব্বির খোঁজখবর নেয়।

এ সময় প্রতিনিধি দলটি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়। পাশাপাশি, শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানানো হয়, যাতে তার ভবিষ্যৎ শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়।

একই দিনে প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় গিয়ে পানি বিক্রেতা বৃদ্ধ শাহানুর বেগমের সঙ্গেও সাক্ষাৎ করে। তার জীবনসংগ্রামের কথা বিবেচনায় নিয়ে তাকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপির নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ অনেকে।

উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনটির পরিপ্রেক্ষিতেই তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়, যার মাধ্যমে অসহায় শিশু রাতুলের পরিবার এবং বৃদ্ধ শাহানুর বেগম কিছুটা স্বস্তি পেয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত