স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না, বিস্ফোরক মন্তব্য জামায়াত সেক্রেটারির
নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না এবং সরকারের নির্দেশনাতেই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নিজেদের দলের লোকদের বসিয়েছে। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন।
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আটটি দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণ করা হবে না। সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ, নিরাপদ পরিবেশ এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে বলেও দাবি জানান তিনি।
এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী কয়েক দফা দাবি জানিয়েছিল। দলটির পক্ষ থেকে প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন দাবি জানানো হয়।
অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইসি সচিবের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, প্রাথমিকভাবে কয়েক ধাপে নির্বাচন আয়োজনের একটি সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: