জয়ের পর প্রতিদ্বন্দ্বী দেলাওয়ারের বাড়িতে মির্জা ফয়সল আমিন
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল। ছিল জয়-পরাজয়ের হিসাব। তবে ভোটের ফল প্রকাশের পর সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে পাশে রেখে সৌহার্দ্যের বার্তা দিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। নির্বাচনে পরাজিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে হাজির হয়ে তিনি পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শুক্রবার দুপুরে দেলাওয়ার হোসেনের বাসায় যান বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমিন। সেখানে দুই নেতা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরকে মিষ্টি মুখ করানোর ঘটনাও ঘটে।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল বলেন, নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দেলাওয়ার হোসেন জনগণের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করছেন। তাই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, জামায়াতের প্রার্থী বিরোধী পক্ষ থেকে একটি ‘ছায়া সরকার’-এর ভূমিকা পালন করবেন। সরকারের কোনো ভুলত্রুটি কিংবা সীমাবদ্ধতা থাকলে তা তুলে ধরার জন্যও তিনি দেলাওয়ার হোসেনের প্রতি আহ্বান জানান।
ফয়সল আমিন বলেন, জনগণের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ অনুসরণ করে বিরোধী পক্ষকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ ও ঠাকুরগাঁও গড়ার উদ্যোগ নেয়া হবে। তার ভাষায়, যারা দেলাওয়ার হোসেনকে ভোট দিয়েছেন, তারাও এ এলাকার মানুষ এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের বাদ দেয়ার সুযোগ নেই।
জবাবে দেলাওয়ার হোসেন নির্বাচনে বিজয়ী হওয়ায় মির্জা ফয়সল আমিনকে অভিনন্দন জানান। একইসঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তার পাশে থাকার আশ্বাস দেন। বিজয়ী প্রার্থীর ব্যতিক্রমী সৌজন্য ও সম্প্রীতির উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: