• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন খোকা: মির্জা আব্বাস

প্রকাশিত: ২০:১৯, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৪, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন খোকা: মির্জা আব্বাস

ছবি: মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করছেন মির্জা আব্বাস

সাদেক হোসেন খোকার সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের স্মৃতিচারণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। তিনি কম হাসতেন, কিন্তু তার কথাবার্তা ও আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টেনে নিতো। তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ ছিলেন।

প্রয়াত সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) রাজধানীর গোপীবাগে আয়োজিত মিলাদ, স্মরণসভা ও দোয়া মাহফিলে মরহুম সাদেক হোসেন খোকার সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেন মির্জা আব্বাস।

তিনি বলেন, তিনি শাহজাহানপুরের এবং খোকা গোপীবাগের বাসিন্দা ছিলেন। পাশাপাশি এলাকার বাসিন্দা থেকে কখন যে তারা একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে উঠেছেন, তা বুঝতে পারেননি। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা—সবখানেই তারা একসঙ্গে ছিলেন।

খোকার সঙ্গে সম্পর্কের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তাদের জীবনের নানা ঘটনা নিয়ে লিখতে বসলে একটি আস্ত বই হয়ে যাবে। রাজনীতিতে মতপার্থক্য কিংবা ঝগড়া হলেও দিনশেষে তারা বিএনপির আদর্শ ও মানুষের জন্য একসঙ্গে কাজ করেছেন।

তিনি বলেন, ‘আজ সে আমাদের মাঝে নেই, সে থাকলে হয়তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও অনেক ভালো কিছু হতে পারতো।’

প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা আব্বাস বলেন, খোকাকে নিয়ে পরবর্তী সময়ে বড় পরিসরে একটি স্মরণসভার পরিকল্পনা রয়েছে। সেখানে তার রাজনৈতিক অবদান ও জীবনের নানা দিক তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত