খোকা ও আব্বাসের নেতৃত্বে ঢাকায় বিএনপি গড়ে উঠেছে: আবদুস সালাম
ঢাকা মহানগরীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার পেছনে সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রয়াত সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত মিলাদ, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন আবদুস সালাম।
তিনি বলেন, তাদের নেতৃত্বেই ঢাকা মহানগরীতে বিএনপিকে সুসংগঠিত করা হয়েছে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলকে ক্ষমতায় নেওয়া হয়েছে। বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না, কারণ দলটির পেছনে কোটি কোটি মানুষ রয়েছে।
আবদুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা শুধু ঢাকা মহানগরী নয়, সারা বাংলাদেশের রাজনীতিতে একজন অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের অবদানের মধ্য দিয়ে পাওয়া স্বাধীন দেশে ঢাকার অন্যতম মুক্তিযোদ্ধা ছিলেন খোকা।
খোকার জনপ্রিয়তার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরও সেই জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেছে। তার মরদেহ ঢাকার বিমানবন্দরে নিয়ে আসার পর বিমানবন্দর থেকে শুরু করে পুরো সড়কজুড়ে মানুষের ঢল নেমেছিল। তার জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, ঢাকা শহরের মানুষের কাছে তিনি কতোটা জনপ্রিয় ছিলেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
এ ছাড়া ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/এমআর













মন্তব্য করুন: