ওসমান ফারুকের ছেড়ে দেওয়া আসনে ভোট ১০ জানুয়ারি, তফসিল ঘোষণা ইসির
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের পর শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। গত ১৪ নভেম্বর তিনি স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান। পরদিন ১৫ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে সংসদে বিষয়টি অবহিত করা হলে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।
আসনটি শূন্য হওয়ার পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। আগামী ১০ জানুয়ারির ভোটের মধ্য দিয়ে এ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: