বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, দেশে ভরি কতো?
যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম দশমিক ৫ শতাংশ কমেছে। এর আগের দিন প্রায় ৩ শতাংশ বাড়ার পর আবারও দরপতন হলো স্বর্ণের বাজারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১১ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১১ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে মার্কিন ডলারের মান গত ২০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদাও কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষক নিকোস জাবোরাসের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির নতুন তথ্য বেশি এলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। এ খাতে বড় ধরনের দরপতন হলে নগদ অর্থের প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করতে পারেন। তাতেও স্বর্ণের দামে নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।
বাজার সংশ্লিষ্টদের ধারণা, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। সোমবার (২৩ নভেম্বর) নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও জানিয়েছেন, মূল্যস্ফীতি বেশি থাকায় সুদের হার বাড়ানোর দিকেই ঝুঁকছে ব্যাংকটি। তবে সুদের হার কতটা বাড়ানো হবে, তা নির্ভর করবে আসন্ন অর্থনৈতিক তথ্যের ওপর।
এদিকে দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: