• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

প্রকাশিত: ২০:১৬, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:১৭, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির এক নেতা। একই সঙ্গে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি। তার এমন ঘোষণাকে ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে।

পদত্যাগের ঘোষণা দেওয়া ওই নেতার নাম বোরহান মাহমুদ। তিনি বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি উপজেলা পর্যায়ের পদ ছেড়ে আরও বড় পরিসরে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানান।

এরপর বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ফেসবুক লাইভে এসে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন তিনি। এ সময় সঞ্জয় সাহাকে উদ্দেশ করে বেশ কিছু আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্যও করেন বোরহান।

এদিকে বোরহানের পদত্যাগ ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি কিছু ‘বিশৃঙ্খল কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ায় তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পোস্টে খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, গত দু-তিন দিন ধরে বোরহান দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে ‘আজেবাজে কথা’ বলে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। দল থেকে পদত্যাগ এবং জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগে তার সঙ্গে দলের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বোরহানের সঙ্গে তার আর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক থাকবে না বলেও উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।

নিজের পদত্যাগের কারণ সম্পর্কে বোরহান মাহমুদ বলেন, ‘আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা আমাকে মবকারী আখ্যা দিয়েছেন। এ কারণেই আমি পদ ছেড়েছি।’

অন্যদিকে, এ বিষয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ‘বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে রয়েছে।’

বিভি/টিটি

মন্তব্য করুন: